উন্নত করার কিছু দেখছেন? একটি পরিবর্তন প্রস্তাব করুন।
চাওয়াং জেলা (朝阳区 Cháoyáng Qū) চীনের রাজধানী শহর বেইজিংয়ের অন্তর্গত। এখানে খুব বেশি পর্যটন কেন্দ্র নেই, কিন্তু বেইজিং ভ্রমণকারী বেশিরভাগ লোক এখানে ঘুড়তে আসেন। এখানকার শিল্পকলা প্রদর্শনী, বাজার, রেস্তোরাঁ এবং নৈশ জীবন পর্যটকদের কাছে বিশেষভাবে উপভোগ্য।
পরিচিতি

"বার্ডস নেস্ট" স্টেডিয়াম (ছবি: Peter23, CC BY-SA 3.0)
চাওয়াং এক সুবিশাল জেলা। বেইজিংয়ের কেন্দ্রস্থলীয় অঞ্চলের উত্তর ও পূর্ব দিকের শহরাঞ্চল জুড়ে এর বিস্তার। এই জেলাটি মূলত দ্বিতীয় রিং রোডের সংলগ্ন অঞ্চল থেকে শুরু হয়ে পঞ্চম রিং রোডের বহিরাঞ্চল অবধি প্রসারিত। এই চাওয়াং জেলাতেই রয়েছে বেইজিংয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা (সিবিডি)।
চাওয়াং জেলায় আগত ভ্রমণার্থীদের মূল আকর্ষণীয় দ্রষ্টব্যগুলি হল:
সিবিডি (কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা)
সিবিডি (কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা) হল শহরের যৌথ কর্পোরেট পরিষেবা, ব্যবসা ও গনমাধ্যম ব্যাবস্থার প্রধান কেন্দ্র। চীনের বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে পরিচিত গুওমাওকে পরিবেষ্টন করে এই বাণিজ্যিক এলাকার অবস্থান। অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই গুওমাও শহরের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যবসায়ী ঠিকানা যার সুবিশাল চত্বরের মধ্যে রয়েছে বিলাসবহুল হোটেল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিপণন কেন্দ্র, ঝাঁ চকচকে রেস্তোরাঁ এবং নৈশজীবন উদযাপনের উপযুক্ত স্থান। এখানকার বেশিরভাগ গ্রাহকই মূলত চীনের ধনকুবের ও উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি।
সানলিতুন
বেইজিং শহরের সবচেয়ে আধুনিক এবং আন্তর্জাতিক আবহযুক্ত অঞ্চল যার বিশেষত্ব হল প্রান্তবন্ত বাজার এলাকা, খাবারের দোকান এবং নৈশজীবন। শহরের অন্যতম সেরা রেস্তোরাঁ, পানশালা এবং ক্লাবগুলির অবস্থান এই অঞ্চলকে প্রবাসী এবং পর্যটক উভয়ের কাছেই জনপ্রিয় করে তুলেছে। বেইজিং শহরের দূতাবাস এলাকার পাশেই সানলিতুনের অবস্থান। এখান থেকে সাইকেলে করে খুব সহজেই ঘুরে আসা যায় শহরের অন্যতম দ্রষ্টব্যস্থল লিয়াংমাকিয়াও এবং শহরের অন্যতম বৃহত্তম নগর উদ্যান চাওয়াং পার্ক। নিকটবর্তী এলাকায় শেয়ারিং সাইকেলের পরিষেবা বেশ সহজলভ্য।
গংতি নর্থ রোডের দুই পাশে অবস্থিত সানলিতুন তাইকু লি এবং সানলিতুন সোহো এই জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত। এই দুটি স্থানে একত্রে শত শত দোকান, রেস্তোরাঁ, ক্যাফে এবং বিনোদন কেন্দ্র রয়েছে। বেইজিংয়ের স্থানীয় জীবনযাত্রা, মানুষজন এবং স্থানীয় সাংস্কৃতিক পোশাক-পরিচ্ছদ সম্পর্কে জানার জন্য এটি অন্যতম সেরা জায়গা। সানলিতুন সোহোতে বিপুল সংখ্যক হালাল রেস্তোরাঁও রয়েছে যেখানে মুসলিম বিশ্বের বিভিন্ন বৈচিত্র্যময় খাবারের সন্ধান পাওয়া যায়।
৭৯৮ আর্ট জোন
এটি শহরের এক চমৎকার দর্শনীয় স্থল যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে দেখা যায়। এখানকার চারুকলা প্রদর্শনী প্রতিভাশালী দেশি-বিদেশি শিল্পী এবং শিল্প-উৎসাহী ব্যাক্তিদের কাছে এক বিশেষ আকর্ষণ। এছাড়া ৭৯৮ আর্ট জোনে অসংখ্য ক্যাফে এবং প্রাণবন্ত নৈশজীবন উদযাপনের চমৎকার ব্যাবস্থা রয়েছে।
লিয়াংমাকিয়াও
শহরের সদা ব্যস্ত সানলিতুন অঞ্চল সংলগ্ন এই এলাকার মূল আকর্ষণ হলো এক মনোরম নদী, যা পার্শ্ববর্তী অঞ্চলের মধ্য দিয়ে এঁকেবেঁকে বয়ে গিয়েছে। গ্রীষ্মকালে নদীর তীরবর্তী এলাকায় বেশ জন সমাগম দেখা যায়। সেসময় নদীটি এক প্রাণবন্ত সামাজিক কেন্দ্রে পরিণত হয়। আগত পর্যটকদের মধ্যে অনেকেই নদীর জলে ভাসমান বায়ুপুর্ণ টিউবে শুয়ে বিশ্রাম নেয় এবং আনন্দময় পরিবেশ উপভোগ করে। নদীর পূর্ব তীরে রয়েছে সুবিশাল সোলানা বিপনন কেন্দ্র যেখানে কেনাকাটা, বিনোদন এবং খোলা আকাশের নিচে বসে খাওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে।
অলিম্পিক পার্ক
২০০৮ সালের আসন্ন বেইজিং অলিম্পিককে কেন্দ্র করে বিভিন্ন নগর পুনরুজ্জীবন কর্মসূচির আয়োজন করা হয় যার আওতায় চাওয়াং জেলার উত্তর-পশ্চিম অঞ্চলকে অলিম্পিক পার্ক জোনে রূপান্তরিত করা হয়। পাতালরেলের (মেট্রো) লাইন ৫, ১৫ এবং ৮ -এর মাধ্যমে সহজেই এখানে পৌঁছানো যায়। এখানে রয়েছে সবুজ গাছপালায় ঘেড়া অলিম্পিক পার্ক, মনোরম হাঁটার পথ এবং 'বার্ডস নেস্ট'-এর মতো বিখ্যাত ও দর্শনীয় স্থান।
যোগাযোগ ব্যাবস্থা
চাওয়াং জেলা বেইজিং শহরের আধুনিক ভূগর্ভস্থ (মেট্রো) রেল পরিষেবার আওতাধীন। ১, ৩, ৬, ১০, ১২, ১৪, ১৫ এবং ১৭ নং মেট্রো লাইনের পাশাপাশি ক্যাপিটাল এয়ারপোর্ট এক্সপ্রেসের মাধ্যমে জেলার অধিকাংশ অঞ্চলে সহজেই যাতায়াত করা যায়। চাওয়াং একটি বিশাল এলাকা, তাই মেট্রোর বিস্তৃত নেটওয়ার্ক থাকা সত্ত্বেও নিকটস্থ স্টেশন থেকে গন্তব্যে পৌঁছাতে আরও ৫-১৫ মিনিট হাঁটার প্রয়োজন হতে পারে।
মেট্রো লাইন ১০ হলো জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ রেল লাইন যার মাধ্যমে চাওয়াং জেলার প্রধান বাণিজ্যিক, কূটনৈতিক এবং আবাসিক এলাকাগুলি সংযুক্ত। ৩ নং মেট্রো লাইনের মাধ্যমে সানলিতুনের কেন্দ্রীয় অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা স্থাপিত হয়েছে। ১ নং মেট্রো লাইনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চলে(সিবিডি) সহজেই যাতায়াত করা যায়। ১৪ এবং ১৫ নং মেট্রো লাইনের মাধ্যমে চাওয়াং জেলার পূর্ব ও উত্তর-পূর্বে অবস্থিত ৭৯৮ আর্ট ডিস্ট্রিক্ট এবং ওয়াংজিংয়ের মতো দ্রষ্টব্য স্থলগুলিতে ঘুরতে যাওয়া যায়।
এই পাতা কোথা থেকে এসেছে
এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “বেইজিং/চাওয়াং” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।
এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।
লাইসেন্স: CC BY-SA 4.0 · গৃহীত হয়েছে bn.wikivoyage.org
1
0
0
0

মন্তব্য





